২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমার রায় বিরাট সুখবর: বিএনপি

সালিসি আদালতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কাজ করছেন, তারা নিঃসন্দেহে ভালো কাজ করেছেন- বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াই জেতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেছে বিএনপি। তবে এই প্রসংশা শুধু মন্ত্রণালয়ের এবং সরকার তার ভাগিদার নয় বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের বিরোধে জার্মানির হামবুর্গের সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বুধবার যে রায় দেয়, তা ঢাকার পক্ষে এসেছে। রায়ের ফলে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা হল। এছাড়া ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের অধিকার সুনিশ্চিত হলো। এই রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এটা আমাদের জন্য একটি বিরাট সুখবর। নিঃসন্দেহে এই রায় ঘোষণায় আমরা আনন্দিত হয়েছি।” “সালিসি আদালতে এই রায়ের কাজে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কাজ করছেন, তারা নিঃসন্দেহে ভালো কাজ করেছেন,” বলেন তিনি। এজন্য সরকারকে অভিনন্দন জানাবেন কি না- জানতে চাইলে ফখরুল ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, “এখানে সরকারের প্রশংসা পাওয়ার কিছু নেই, এই কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যারা এই কাজ নিয়োজিত ছিলেন, তারা নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করেছেন। প্রশংসা তাদের প্রাপ্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৮ ঘ.