‘মন্ত্রীর ষড়যন্ত্র’, দাবি একুশে টিভির
একুশে টেলিভিশন অবৈধভাবে সম্প্রচারিত হচ্ছে অভিযোগ করে বিটিআরসির দেওয়া নোটিসের পেছনে এক মন্ত্রীর ইন্ধন রয়েছে বলে দাবি করেছে বেসরকারি এই টেলিভিশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম এই অভিযোগ করেন। তার দাবি, প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হলেও তার অগোচরেই এই ‘ষড়যন্ত্র’ চলছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রীর নাম না বললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করে সালাম বলেন, “গণমাধ্যমের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের, তা আপনারা জানেন।”
নয়া পল্টনে বিরোধী নেতা খালেদা জিয়ার জনসভার আগের দিন একুশে টিভিকে দেওয়া এক নোটিসে বিটিআরসি জানায়, তারা (একুশে টেলিভিশন) রেডিও ইক্যুইপমেন্ট লাইসেন্স ছাড়া অবৈধভাবে স্পেকট্রাম ব্যবহার করে স¤প্রচার করছে।
ওই জনসভা সরাসরি সম্প্রচার করেছিল একুশে টিভি। এতে খালেদা জিয়া নিজেই অভিযোগ করেন, তার জনসভা স¤প্রচারের জন্যই একুশেসহ তিনটি টিভির লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে সরকার। যদিও সরকারি দলের নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
বিটিআরসির দেওয়া নোটিস ’উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘হয়রানিমূলক’ দাবি করে সালাম বলেন, বৃহস্পতিবার সকালে ওই নোটিসের জবাব পাঠানো হয়েছে।
জবাবে কী বলা হয়েছে- জানতে চাইলে একুশে চেয়ারম্যান বলেন, বিটিআরসির ডিমান্ড নোট অনুযায়ী সব চার্জ এবং ফি পরিশোধ করে আসছেন তারা। এমনকি ২০১২ সাল পর্যন্ত তা হালনাগাদ রয়েছে।
খালেদার জনসভার দিন ঢাকার কিছু এলাকায় একুশে টেলিভিশন না দেখা যাওয়ার প্রসঙ্গে সালাম বলেন, “প্রধানমন্ত্রী অবশ্যই এটা জানেন না। জানলে এটা সাপোর্ট করবেন না। সরকারের উচিত, এর তদন্ত করা। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
প্রথমবার বন্ধ হওয়ার পর একুশে টেলিভিশনের পুনরায় সম্প্রচারে আনতে বর্তমান প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে স¤প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে স¤প্রচারে আসে একুশে টিভি।
২০০৭ সালের ২২ এপ্রিল বিটিআরসি একটি চিঠির মাধ্যমে একুশে টেলিভিশনকে ৩০ কোটি ৯ লাখ ২৬ হাজার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলে এবং তরঙ্গ স্থগিত করার কথা জানায়।
বিটিআরসির নোটিসে জানতে চাওয়া হয়, তরঙ্গ স্থগিতের পর কীভাবে সম্প্রচার চালানো হচ্ছে এবং প্রতিষ্ঠানটির রেডিও অ্যাপারেটাস লাইসেন্স নেই এবং তারা এর আবেদনও করেনি।
সালাম বলেন, “এই আদেশের বিরুদ্ধে টেলিভিশনটি উচ্চ আদালতে গেলে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই চিঠির কার্যকরিতা স্থগিত করে দেয়। রিট পিটিশনটি এখনো আদালতে নিস্পত্তির অপেক্ষায় আছে।”
“যে চিঠির কার্যকারিতা আদালত স্থগিত করেছেন, সেই চিঠির ভিত্তিতে নতুন চিঠি দেওয়া আদালত অবমাননার শামিল,” বলেন তিনি।
অবৈধভাবে সম্প্রচারের দায়ে টেলিকম আইনে ৩০০ কোটি টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
