ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কাঠবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
মাটিরাঙ্গা থানার ওসি মো. আবু ইউসুফ জানান, বুধবার গভীর রাতে হৃদয় মেম্বারপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকা থেকে কাঠ বোঝাই করে মাটিরাঙ্গা ফেরার পথে আলুটিলার হৃদয় মেম্বারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারান ট্রাকের চালক। এতে ট্রাকটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে যায়। ফলে রশি ছিঁড়ে ট্রাকে থাকা কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাহাবুদ্দিন (৩২), মো. মফিজ (২৮), ও আব্দুর রশিদ (৪০)।
খবর পেয়ে মাটিরাঙ্গা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে।
আবু ইউসুফ জানান, আহত ছয়জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩৫ ঘ.
bdnews24