২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অংকের ঠাট্টা আর কান্নার দমক পটিয়ায়

স্বজন হারানো মানুষ আর সহমর্মীদের ভিড়ে অংক, দীর্ঘশ্বাস, ফুঁপিয়ে ওঠা কান্নার দমকে এখানে দুপুর-সন্ধ্যা গড়াচ্ছে অসহনীয় দুঃখের মতো করে। জন্মস্থানের করুণ রূপ উঠে এসেছে রাজু আলাউদ্দীনের কলমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

রাজু আলাউদ্দীন সহকারী সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শরীয়তপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চ দুর্ঘটনার দুই দিন পরও মানুষ লাশের হিসেব গুনছে। স্বজন হারানো মানুষ আর সহমর্মীদের ভিড়ে অংক, দীর্ঘশ্বাস, ফুপিয়ে ফুপিয়ে ওঠা কান্নার দমকে এখানে দুপুর-সন্ধ্যা গড়াচ্ছে অসহনীয় দুঃখের মতো করে। মাওয়া ঘাটে পৌঁছে ফেরির জন্য অপেক্ষা করতে গিয়ে দেখলাম চায়ের দোকানে মানুষের মুখে মুখে হিসেব হচ্ছে লাশের। আরও কয়টি লাশ উদ্ধার হলো কি? কেউ কেউ অনুমানের হাত ধরে গাফিলতির কারণগুলো নিজের মতো করে বলছেন। নৌমন্ত্রী শাজাহান খান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়, নৌ-পরিবহন অধিদপ্তরে তিনটি তদন্ত কমিটি গঠনের। তদন্ত যাই হোক, কখনোই বেরিয়ে আসবে না মৃত্যুর অতলে হারিয়ে যাওয়া দুই শতাধিক মানুষের অমূল্য প্রাণ। নৌ-মন্ত্রী তড়িঘড়ি ঘোষণা দিয়ে তাদের অমূল্য প্রাণের ক্ষতিপূরণ মাথাপিছু ৩০ হাজার টাকা ধার্য করেছেন। একই পরিবারের একাধিক মৃত্যু হলে ৪৫ হাজার টাকা। চায়ের দোকানে সাধারণ নিুবিত্ত মানুষগুলোর আলোচনায় ৩০ এবং ৪৫ হাজার টাকা প্রদানের ঘোষণা সহমর্মিতার বদলে বরং একটি করুণ ঠাট্টা বলে মনে হয় মৃতদের সঙ্গে। মৃতদের অর্থমূল্য কীভাবে নির্ধারিত হয়? নৌমন্ত্রী হয়তো জানেন। সাধারণ মানুষ জানেন না। একটি মানুষ মানে একটি জগত। এই জগতে জড়িয়ে আছে সন্তান, বাবা-মা, স্ত্রী, ভাইবোন, আত্মীয় স্বজন। মৃতের সঙ্গে এদের স্বপ্ন এবং আকাক্সক্ষারও অকালমৃত্যু ঘটে। অসংবেদনশীল মন দিয়ে আমরা কেবল একটি মৃত্যুকেই দেখি, অন্য মৃত্যুগুলো আমরা অনুভব করতে পারি না। হতভাগ্য মৃতদের মধ্যে ছিলেন ভেদেরগঞ্জের পটিয়া গ্রামের মিজানুর রহমান ভূইয়া। সেদিন লঞ্চের যাত্রীদের একজন। কথা ছিলো কর্মস্থলে ফেরার। দুর্ঘটনা তাকে ফিরিয়ে দিয়েছে নিজ গ্রামে প্রাণহীন দেহে। শাশুড়ী, স্ত্রী, দুই সন্তান আর আরও কয়েকজন আত্মীয়সহ ফিরছেন গ্রামের বাড়িতে। শোক স্তব্ধ শাশুড়ীর মুখ থেকে কথার পরিবর্তে ঝরছিলো অশ্র“। কথা বলতে পারছিলেন না। অ্যাম্বুলেন্সের গাড়িতে করে মেয়ের জামাইর লাশ ফিরছে। ফেরিতেই কথা হলো তার সঙ্গে। বিকেল তখন ৪টার মতো বাজে। গ্রামের বাড়ি পৌঁছাতে রাত হবে। ৮টা সাড়ে ৮টা বাজবে নিশ্চয়ই। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিলাপ আর আহাজারিই ছিলো তাদের বেদনা আর শূন্যতা প্রকাশের একমাত্র ভাষা। ক্ষণে ক্ষণে শোকের স্তব্ধতা ভেদ করে কান্নায় ডুকরে উঠছেন মিজানের স্ত্রী। আমার সাহস হয়নি তাকে কিছু জিজ্ঞ্যেস করার। মিজানের শাশুড়ীর কাছেই জানা গেল তার দুই সন্তানের একজনের বয়স নয়, আর অন্য ছেলের বয়স দুই। ওরাও যাচ্ছে বাবার সঙ্গে গ্রামের বাড়িতে। বাবার আশ্বাসের স্বপ্নের আকাক্সক্ষার আর উচ্চাশার হাত ধরে ওরা আর কোন দিন কোথাও ঘুরতে যাবে না। ঢাকাফেরত বাবার সঙ্গে কোনদিন খেলনা আর রঙীন উপহার নিয়ে ফিরবে না। গ্রামের বাড়িতে এখন ওরা প্রিয় পিতার নিথর শরীর নিয়ে ফিরছে অনিশ্চিত ও অজানা ভবিষ্যতের এক অমাময়ী গ্রামে যার সঙ্গে সবুজে স্পন্দিত পটিয়া গ্রামের কোনো মিল নেই। মাওয়া ফেরিঘাট থেকে মৃতের নদী পেরিয়ে আমি যখন রাত ৮টার নড়িয়া থানার চামটা ইউনিয়নের গোলার বাজারে এসে পৌঁছলাম তখন আমার চিরচেনা এই গোলারবাজারকে অন্য রূপে দেখে মন আরও খারাপ হয়ে গেল। প্রত্যেকেরই বুকে শোকের কালো ব্যাজ। বুধবার থেকে এই অঞ্চলের সবাই তিন দিনের শোক পালন করছেন। আমার শৈশবের আনন্দ আর উচ্ছলতার জন্মস্থানটি এখন শত শত মানুষের মৃত্যুর শোকে স্তব্ধ ও নির্বাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/২৩৩২ ঘ.