ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুপ্তহত্যার বা গুমের ঘটনাগুলোকে অপহরণ হিসেবে স্বীকার করলেও এই ঘটনার শিকারদের অধিকাংশ সন্ত্রাসী দলের সদস্য বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তবে এই ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী আরো তৎপর হয়েছে বলে বুধবার সংসদে জানিয়েছেন তিনি।
সংসদ সদস্য তারানা হালিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, অপহৃত ব্যক্তিদের অধিকাংশই কোনো না কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং প্রতিপক্ষ গ্রুপের হাতে অপহৃত হয়েছে।”
গত বছরের মাঝামাঝি থেকে কয়েকটি অপহরণের ঘটনা ঘটে, যাদের কারো লাশ পরে পাওয়া যায়, কারো আর সন্ধান পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের ধরে নেওয়া হয় বলে অপহৃতদের স্বজনরা দাবি করেন। তবে পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা এই ঘটনায় সম্পৃক্ততা স্বীকার করেনি।
গুপ্তহত্যা ও গুম নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ জানায় মানবাধিকার সংগঠনগুলোও।
তারানা হালিমের প্রশ্ন ছিল- গুপ্ত হত্যার সংজ্ঞা কী? তারা কি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম হয়েছেন, না কি আইন শৃঙ্খলাবাহিনীর ভুয়া পরিচয়ে কোনো গোষ্ঠীর কুকীর্তির শিকার?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনে গুপ্তহত্যার কোনো সংজ্ঞা নেই। ঢাকা মহানগরী ও এর আশপাশে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুষ্কৃতকারী কর্তৃক কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে।
“কয়েকটি ঘটনায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তার হয়েছে। দুয়েকটি ঘটনায় অপহৃত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে, যা তদন্তাধীন।”
এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।
মন্ত্রী দাবি করেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।
সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর সীমান্তে হত্যা ও নির্যাতনের মাত্রা কমেছে।
সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের পর্যায়ে আনতে বিভিন্ন পর্যায়ের সভায় ভারতের কাছে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২২৪৪ ঘ.
bdnews24