আগরতলা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
ত্রিপুরার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চের অনুষ্ঠানে মানিক সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন।”
মানিক সরকার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ট্রানজিট, ফেনি নদীর ওপর সেতু নির্মাণ এবং বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা বলবেন বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
ত্রিপুরা রাজ্য সরকারের কর্মকর্তারা জানান, ফেনী নদীর ওপর সেতু হলে তা ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকার সঙ্গে ফেনির রামগড়ের সংযোগ ঘটাবে। ভবিষ্যতে চট্টগ্রাম থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনে মূল প্রবেশপথ হিসেবে কাজ করতে পারবে এ সেতু। চট্টগ্রাম বন্দর থেকে এ সেতুর দূরত্ব হবে ৭২ কিলোমিটার।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সাংস্কৃতিক দিক দিয়েও সাদৃশ্য রয়েছে দুই অঞ্চলের অধিবাসীদের মধ্যে।
মুক্তিযুদ্ধের সময় দেড় লাখেরও বেশি বাংলাদেশি ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে ১৬টি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের।
গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় মানিক সরকারও এসেছিলেন। তার আমন্ত্রণে গত ১১ জানুয়ারি দুই দিনের সফরে ত্রিপুরা সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৫৫ ঘ.
bdnews24