ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল টাকার একটি মামলায় ১২ বিদেশিসহ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
এই ১৩ জনকে গত ৫ মার্চ বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জাল মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে উত্তরা থানার পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিন পুলিশ হেফাজতে রাখার আবেদন আদালতে করেছিলেন উত্তরা থানার উপপরিদর্শক সালাউদ্দিন মিয়া।
শুনানি শেষে মহানগর হাকিম আনোয়ার সাদাত দুই দিন হেফাজতের আদেশ দেন।
আসামিরা হলেন- ডিপান্ডা, অ্যালি, এমিলি, আজিজ করিম, ইতোতো এমডিস, ত্রভেজা কার্লোস, মেসা ক্যান্তোস, কিতা ওসমান, তেহোফো রজার, অ্যাকুনোল, ইব্রাহিম শরিফ, ম্যাকোন্ডা ও বাংলাদেশি নাগরিক দাদন।
বিদেশিরা কঙ্গো, গিনি, ক্যামেরুনসহ বিভিন্ন দেশের নাগরিক বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ও মদও উদ্ধার করা হয়। এ জন্য মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০০৪ ঘ.
bdnews24