বরিশাল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জে দেড়শ’ কেজি ওজনের কষ্টি পাথরের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাহাপুর গ্রামে জাহাপুরের কবিরের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- জাহাপুর গ্রামের হোসেন আলীর ছেলে কবির ফকির (৩০) ও মুলাদী উপজেলার কাচির চর এলাকার মৃত চানমদ্দিন হাওলাদারের ছেলে নান্নু হাওলাদার (৬০)।
উদ্ধারকারী বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, জাহাপুর গ্রামে একটি কৃষ্ণ মূর্তি বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে বরিশাল মহানগর পুলিশের একটি দল অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।
এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মামলা করা হবে বলে জানিয়েছেন এসআই দেলোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯২৬ ঘ.
bdnews24