২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের শিশুরা কী সুবিধা পাচ্ছে- জানতে চেয়েছে আদালত

সারা দেশের কারাগারে হাজতি মায়েদের সঙ্গে থাকা শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কী ধরনের সুবিধা দেওয়া হচ্ছে- সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশের কারাগারে হাজতি মায়েদের সঙ্গে থাকা শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কী ধরনের সুবিধা দেওয়া হচ্ছে- সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একটি রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানাতে বলেছে আদালত। একইসঙ্গে শিশু অধিকার কনভেনশন-১৯৮৯ বাস্তবায়ন না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সমাজকল্যাণ সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও কারা মহাপরিদর্শককে এর জবাব দিতে হবে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানের করা এই রিট আবেদনে বলা হয়, “সারাদেশে কারাগারে বন্দি মায়েদের সঙ্গে অনেক শিশু অমানবিক পরিবেশে বাস করছে। তারা জীবন ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কোন কারণ ছাড়াই তারা এই ভোগান্তিতে পড়েছেন। যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। তারা যথাযথ খাদ্য, যতœ, থাকার জায়গা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত।” ১৯৮৯ সালে শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ কনভেনশন গৃহীত হয়। যা পরের বছর আন্তর্জাতিভাবে কার্যকরও হয়। বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করলেও দেশীয় আইনে তা বাস্তবায়ন করে নাই। ওই সনদের তিন অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি-বেসরকারি, সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রতিষ্ঠান, জাতীয় সংসদ; যার দ্বারাই গৃহিত হোক না কেন শিশু বিষয়ক সব কার্যক্রমে প্রথম থেকেই শিশুর সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করতে হবে। এলিনা খান জানান, সারা দেশে অনুর্ধ্ব ছয় বছর পর্যন্ত ২৭৪ জন শিশু কারাগারে রয়েছে। ৬ থেকে ১৮ বছরের রয়েছে ৪৭ জন। আদালতে এলিনা খান নিজেই শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/১৫৩৫ ঘ.