ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর আইপিএস জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার হিযবুত তাহরীর ১০ কর্মীকে দুই দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মতলবুর রহমান রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের সাত দিন হেফাজত চান।
মহানগর হাকিম এম এ সালাম তাদের জামিন আবেদন নাকচ করে দুই দিন হেফাজত মঞ্জুর করেন।
মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের সাধারন নিবন্ধন কর্মকর্তা মো. ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হেফাজত মঞ্জুরের তথ্য জানান।
যাদের রিমান্ডের অনুমতি হয়েছে তারা হলেন- রবিন মিয়া, সোহেল রানা, পারভেজ শিকদার, রহিম আবদুল্লাহ, তৌফিক আশরাফ, হাফিজ হাসান, মাহমুদুল আলম, নুরুল আমিন ইমন, তানবীর হোসেন ও জাইম আবদুল্লাহ।
এরা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। হিযবুত তাহরীরের এ কর্মীদের আটক করা হয় শুক্রবার। তাদের কাছে রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত বিভিন্ন প্রচারপত্র পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24