ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম নারী হিসাবে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের অভিযানে যাচ্ছেন ওয়াসফিয়া নাজরীন। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের অংশ হিসেবে তার এই অভিযান।
শনিবার সিটি ব্যাংকের গুলশান শাখায় ওয়াসফিয়ার অভিযান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংক এই অভিযানের প্রধান পৃষ্ঠপোষক।
অনুষ্ঠানে ওয়াসফিয়ার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়, যা তিনি নিয়ে তিনি এভারেস্ট চূড়ায় উঠবেন। এ সময় আগের পর্বত আরোহণের অভিজ্ঞতা শোনান তিনি।
এক সময়ের এনজিওকর্মী ওয়াসফিয়া এ অভিযানের জন্য গঠন করেছেন ‘বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন’। এ অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার অ্যাকোনকাগুয়া পর্বতচূড়া জয় করেছেন ওয়াসফিয়া। এর আগে তিনি আফ্রিকার সর্বোচ্চ পর্বতচূড়া কিলিমানজারোতেও ওঠেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এসইউ/১৮৫৮ ঘ.
bdnews24