ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মদিনে শিল্পী কাইয়ুম চৌধুরীকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই শিল্পীর ৮০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর ফুলেল বার্তা নিয়ে যান তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডির বেঙ্গল ফাউন্ডেশনে জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলের তোড়া শিল্পীর হাতে তুলে দেন শাকিল।
কাইয়ুম চৌধুরীর জন্ম ১৯৩২ সালে ৯ মার্চ ফেনীতে। বাবা সমবায় পরিদর্শক আবদুল কুদ্দুস চৌধুরী বদলির চাকরির কারণে এই শিল্পী দেশের অনেক এলাকায় ঘুরেছেন।
কাইয়ুম চৌধুরীর শিক্ষা জীবন শুরু চট্টগ্রামের নর্মাল স্কুলে। পরে তার শিক্ষাজীবন কাটে নড়াইল, সন্দ্বীপ, নোয়াখালী, ফরিদপুর ও ময়মনসিংহে। ১৯৪৯ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তিনি।
১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কাইয়ুম চৌধুরী নানা ধরনের ব্যবহারিক কাজ করেছেন, বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন, করেছেন বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণেরও কাজ। ১৯৫৭ সালে তিনি আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন।
সাময়িক পত্রিকা বিষয়ে আগ্রহী কাইয়ুম চৌধুরী ছায়াছবি নামে একটি চলচ্চিত্র সাময়িকী যুগ্মভাবে সম্পাদনা করেছিলেন কিছুকাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১১৫ ঘ.
bdnews24