ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর খিলগাঁও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক শিশুসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে খিলগাঁও নলসাটা খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. অনিক (১২) ও মো. সজিব (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সজিবের বড় ভাই মো. শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীদের একটি দল দীর্ঘ দিন ধরে নলসাটা খেয়া ঘাটে ইটের ট্রলার থেকে চাঁদা তুলে আসছে। এর প্রতিবাদে এলাকাবাসী সকালে জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দেয়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে সজিব আহত হয়।
আর অনিক ঘরের জানালা দিয়ে বিষয়টি দেখার চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয় বলে জানান তার চাচা জয়নাল হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিকের হাতে ও সজিবের ডান উরুতে গুলি লেগেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৪১২ ঘ.
bdnews24