২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল, এরপর আবার ভুল

ঐতিহাসিক চরিত্রের নাম ভুলভাবে বলার পর বিচারক তা শুধরে দিলে বিচারকের নামও ভুলভাবে উচ্চারণ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসির রোল ফেলেছেন এক জন প্রসিকিউটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক চরিত্রের নাম ভুলভাবে বলার পর বিচারক তা শুধরে দিলে বিচারকের নামও ভুলভাবে উচ্চারণ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসির রোল ফেলেছেন এক জন প্রসিকিউটর। বৃহস্পতিবার বিচারকের নাম ভুলভাবে উচ্চারণ করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের সময় আগের দিন তিনি কয়েকটি চরিত্রের নামও ভুলভাবে লিখেছিলেন তিনি, যা সেভাবেই পড়েছিলেন তার সহকর্মী সুলতান মাহমুদ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপনের সময় মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি সামরিক কর্মকর্তা আসগর খান এবং রাও ফরমান আলীকে বলা হয়েছিল আলী আসগর খান ও রাও ফরমান আলী খান। এতে ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক উষ্মা প্রকাশ করে প্রসিকিউটরকে বলেন, তিনি ইতিহাস ও বইপত্র পড়ে ঠিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন কি না। “এই নাম আপনি কোথায় পেলেন”- বিচারকের এই প্রশ্নের জবাবে সহকর্মী মোহাম্মদ আলীর পক্ষে সুলতান মাহমুদের উত্তর ছিল, তারা তো পাকিস্তানি। তাদের নামে খান থাকা তো স্বাভাবিক। প্রসিকিউটরের এই উত্তর শনে বিচারক এ কে এম জহির বলে উঠেন, “তাহলে জুলফিকার আলী ভুট্টোর নামের সঙ্গেও কী আপনি খান যোগ করবেন। তিনিও তো পাকিস্তানি।” বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের এক বিচারকের নামই ভুল করেন মোহাম্মদ আলী। নথিপত্র ট্রাইব্যুনালের তিন বিচারককেই দেওয়া হয়েছে জানিয়ে বিচারক এ টি এম ফজলে কবিরকে প্রসিকিউটর মোহাম্মদ আলী ‘ফজলুল কবির’ বলে উচ্চারণ করেন। ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক তৎক্ষণাৎ এই ভুল ধরেন। তখন মোহাম্মদ আলী সঠিক নাম উচ্চারণের চেষ্টা করলেও তা বলতে পারছিলেন না। এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী ফরিদউদ্দিন খানকে দেখা যায় মোহাম্মদ আলীর কাছে গিয়ে তাকে ফিসফিস করে কিছু বলতে। এরপর মোহাম্মদ আলী শুদ্ধভাবে উচ্চারণ করতে গিয়ে আবার বলেন, “জাস্টিস ফজলুল কবির।” তখন বিচারপতি নিজামুল বলেন, “না, এখনো ঠিক হয়নি।” পাশে থাকা বিচারক জহির আহমেদ তখন বলেন, “এটা হবে ফজলে কবির।” এরপর ক্ষমা চেয়ে পার পান মোহাম্মদ আলী। তবে বিচারক তাকে পরামর্শ দিয়ে বলেন, “আপনি যদি ট্রাইব্যুনালের বিচারকের নামই ভুল করেন, তবে তো সবার কাছে হাসির পাত্র হবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৯১২ ঘ.