ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক নারী দিবসে বৃহস্পতিবার রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল।
বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া এই শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে এই শোভাযাত্রায় বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালামও অংশ নেন।
নয়া পল্টন থেকে বিজয়নগর, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের গিয়ে শেষ হয় মহিলা দলের শোভাযাত্রা।
শোভাযাত্রায় মহিলা দলের নেতা-কর্মীরা ‘নারী নির্যাতন প্রতিরোধ ও সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হউন’, ‘এসিড সন্ত্রাস বন্ধ কর’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৬ ঘ.
bdnews24