২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেঁউড়িয়ায় লালন উৎসব শুরু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বুধবার শুরু হয়েছে লালন স্মরণোৎসব। চলবে রোববার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

কুষ্টিয়া মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বুধবার শুরু হয়েছে লালন স্মরণোৎসব। চলবে রোববার পর্যন্ত। এ উপলক্ষে ফকির লালন শাহ’র মাজারকে ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে ইতোমধ্যে। সাধু ও ভক্তরা দলে দলে এসে সমবেত হয়েছেন মাজারের আঙ্গিনায় লালন সাঁইয়ের আখড়ায়। বাইরে কালী নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন কষ্টিয়া-৩ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সুলতানা তরুণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। অন্যান্যের মধ্যে অসুস্থ বাউল করিম শাহ উপস্থিত ছিলেন। লালন শাহের জীবদ্দশায় চৈত্র মাসের প্রথম সপ্তাহে পূর্ণিমার রাতে দোল উৎসব পালন করা হতো। সেই থেকে লালন ভক্তরা প্রতি বছর এ উৎসব পালন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে এবার ভিন্ন আমেজের স্মরণোৎসব পালন উপলক্ষে ইতোমধ্যেই আখড়া বাড়িতে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে বিশিষ্টজনদের মুক্ত আলোচনা শেষে গভীর রাত অবধি খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীতানুষ্ঠান চলবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অনুষ্ঠানস্থলে র‌্যাব ও সাদা পোশাকের পুলিশও থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫২ ঘ.