২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগ আসার আগে দেশ বসবাসের অনুপযোগী ছিল’

আওয়ামী লীগ সরকার আসার আগে দেশ মানুষের বসবাসের অনুপযোগী ছিল বলে দাবি করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সরকার আসার আগে দেশ মানুষের বসবাসের অনুপযোগী ছিল বলে দাবি করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি বলেছেন, “মাত্র সাড়ে ১০ বছর ধরে দেশে গণতান্ত্রিক শাসন চলছে। বাকি বছরগুলোয় সামরিক ও গণতন্ত্রের লেবাসে অগণতান্ত্রিক শাসন চলেছে।” মঙ্গলবার এক সেমিনারে দেশের আবাসন ও ভূমি ব্যবস্থাপনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। স্ট্রেন্দেনিং রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড গর্ভনেন্স টু সাপোর্ট দি ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর অব বাংলাদেশ শিরোনামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সেমিনারটি আয়োজন করে। দেশে ভূমি ব্যবসা নিয়ে অরাজকতা চলছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, “টাকা পানিতে ঢালো আর নাকে তেল দিয়ে ঘুমাও, পৃথিবীতে কোনো দেশে এরকম বিজ্ঞাপনের নজির আছে?” “একটা সময়ে দুর্বৃত্তদের কাছে পুরো জাতি জিম্মি হয়ে গিয়েছিল। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, হত্যা মামলার আসামি হয়েও তাকে জেলে যেতে হয়নি।” “এটা এই বাংলাদেশে ঘটেছে। এই দুবৃত্তরাই এতদিন ধরে দেশে ভূমি ব্যবসা করে আসছে।” শেখ হাসিনার নেতৃত্বে এসব ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা আনার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রিয়েল এস্টেট ব্যবসা প্রসঙ্গে সরকার আইন করছে। এর আগে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা তাদের বক্তব্যে রাজউককে প্লটের ব্যবসা বন্ধের আহ্বান জানান। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, “এত দুর্বৃত্তের ভিড়ে রাজউক মানুষের একমাত্র ভরসা। নিুবিত্ত, মধ্যবিত্তরা এখানেই একমাত্র নিশ্চিতে প্লট পেতে পারেন। ন্যায্যতা নিশ্চিত করতেও রাজউকের এই ব্যবসায় থাকার দরকার আছে।” রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা জানান, প্রস্তাবিত ড্যাপ আইনগুলো ২০১৫ সালে শেষ হচ্ছে। তবে এডিবি ও জাইকার অর্থায়নে আগামী ২০ বছরের জন্যে এটি পুনরায় বাস্তবায়ন করা হবে। রাজউকে দুর্নীতি রয়েছে ও একশ্রেণীর কর্মকর্তা এতে জড়িত বলে মন্তব্য করেন তিনি। রাজউকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান বলেন, “রাজউক সবসময়ই তার দায়িত্ব পালন করছে। কিন্তু রাজনৈতিক কারণে তারা কাজ করতে পারেনি।” ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রিহ্যাব সভাপতি নসরুল হামিদ, সালিম এ খান, মনওয়ার হোসেন, নুরুল ইসলাম নাজেম প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর এমেরিটাস ব্রায়ান রবার্টস ও খায়রুল মজিদ মাহমুদ। এতে বলা হয়, রাজধানী ঢাকা অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় এখানে ভূমি ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি। নগরের মধ্যে শিল্প ও নানা কারখানা রয়েছে। জনসংখ্যার তুলনায় জমি কম হওয়ায় অস্বাভাবিকভাবে জমির দাম বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০৫৭ ঘ.