২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের নিখোঁজ প্রকৌশলীর লাশ পদ্মা নদীতে

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নিখোঁজ সহকারী প্রকৌশলী শাহ আলম সরদারের লাশ পাওয়া গেছে পদ্মা নদীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

গোপালগঞ্জ/মাদারীপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নিখোঁজ সহকারী প্রকৌশলী শাহ আলম সরদারের লাশ পাওয়া গেছে পদ্মা নদীতে। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরের মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের হাজরা চ্যানেল থেকে তার লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। গত শবিবার কর্মস্থল গোপালগঞ্জ থেকে অফিসের কাজে ঢাকা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি টেন্ডার নিয়ে বিরোধের জেরে তাকে অপহরণ করা হয়েছিল। নিহত শাহ আলম সরদার (৪৬) পিরোজপুরের কাউখালী উপজেলার ঢাবড়ী গ্রামের প্রয়াত মোনাজাত উদ্দিন সরদারের ছেলে। তার স্ত্রী আসমা আলম রিতাসহ পরিবারের সদস্যরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। শিবচর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ২টার দিকে হাজরা চ্যানেলে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের পকেটে থাকা পরিচয়পত্র দেখে লাশ গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম সরদারের বলে শনাক্ত করা হয়। তার পকেটে একটি মোবাইল ফোন সেট এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধিকে বলেন, গত শনিবার (৩ মার্চ) পদ্মায় মুখোমুখি সংঘর্ষে দু’টি স্পিডবোট ডুবে যায়। এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত শনিবার (৩ মার্চ) বিকাল ৫টার দিকে অফিসের কাজে টেন্ডারের কিছু কাগজপত্র নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা রওনা হন শাহ আলম। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। এর আগে শাহ আলম সরদারের স্ত্রী আসমা আলম রিতা বলেছিলেন, “প্রায় দুই কোটি টাকার টেন্ডার (দরপত্র) নিয়ে অফিসে ঝামেলা চলছিল। এ কারণে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আমার সন্দেহ হয়।” আসমা আলম রিতা আরো বলেন, প্রায় এক মাস আগে গোপালগঞ্জের একটি নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় শাহ আলম আপত্তি জানান। এ নিয়ে ওই কাজের ঠিকাদার তাকে হুমকি ধামকি দিয়েছেন। শাহ আলম সরদারের ভাই মো. শাহাদৎ হোসেন বলেছিলেন, “শনিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোনে আমার সঙ্গে তার কথা হয়। তখন তিনি অফিসে টেন্ডার নিয়ে ঝামেলা হচ্ছে বলে আমাকে জানান।” লাশ পাওয়ার পর তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় অফিস ও পরিবারের পক্ষ থেকে পৃথক দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.