নাটোর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শিশু পরিবারের ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী তত্ত্বাবধায়ককে বদলির জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। এদিকে সোমবার গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
রোববার রাতে নাটোর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক তাৎক্ষণিকভাবে এ বদলির আদেশ দেন।
ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতিম শিশুদের দাবিতে নাটোর শিশু পরিবারের ‘ট্রেড ইন্সট্রাকটর’ জাকির হোসেনকে সদর উপজেলা সমাজসেবা অফিসে এবং ‘বড় ভাইয়া’ এখলাছুর রহমানকে শহর সমাজসেবা অফিসে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী তত্ত্বাবধায়ক রাবেয়া খাতুনকে বদলির জন্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, এদিকে বিস্তারিত তদন্তের জন্য সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়ছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
রোববার নাটোর সরকারি শিশু পরিবারের সদস্যরা কর্তৃপক্ষের অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে দু’জন কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি এবং ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও দুইঘণ্টা সড়ক অবরোধ করে।
ওই সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাখাওয়াত হোসেন এবং নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24