নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু আক্রান্ত মুরগি চলে আসছে ঢাকার বাজারে এবং তা থেকে তিন শ্রমিকের দেহে সংক্রমিত হয়েছে এই রোগ।
রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর) সোমবার জানিয়েছে, বিষয়টি জানার পর তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করেছে।
আইইডিসিআর জানায়, গত ২৬ ফেব্রুয়ারি প্রথম ঢাকার দক্ষিণাঞ্চলের একটি বাজারে মুরগির আড়তের এক কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে।
ওই কর্মী ছাড়া গত এক সপ্তাহে বার্ড ফ্লু আক্রান্ত আরো দুই জন মুরগি বাজারের কর্মীকে সনাক্ত করেছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
এভিয়েন ইনফ্লুয়েঞ্জা, যা এইচ-ফাইভ এন-ওয়ান ভাইরাসের কারণে হয়ে থাকে, বার্ড ফ্লু নামে পরিচিত। এই ভাইরাস পাখি থেকে মানবদেহে সংক্রমিত হয়।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ ফেব্রুয়ারি বাজারের এক কর্মীর দেহে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ার পরপরই প্রাণিসম্পদ অধিদপ্তরকে এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পর্যবেক্ষণে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়েনি। অবশ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষয়ে করণীয় নির্ধারণে আগামী ৭ মার্চ একটি বৈঠক ডাকা হয়েছে।
২৬ ফেব্রুয়ারির পর গত এক সপ্তাহে আরো তিন জন মানুষের দেহে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর।
এর মধ্যে পরীক্ষার পর রোববার রাতে দুজনের সংক্রমণ ধরা পড়ে, এরা দুজনই মুরগির বাজারের কর্মী বলে জানান আইইডিসিআরের পরিচালক।
তিনি বলেন, “জনস্বাস্থ্যের জন্যই আমরা দ্রুত পদক্ষেপ নিতে বলেছিলাম। আক্রান্ত মুরগি বাজারে চলে আসার মানে হল, এই ভাইরাস মানুষের আরো কাছাকাছি চলে এসেছে।”
আইইডিসিআরের এক বৈজ্ঞানিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মুরগির বাজারের বর্জ্যওে এইচ-ফাইভ এন-ওয়ান ভাইরাসের উপস্থিতি সনাক্ত করেছেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বার্ড ফ্লু বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান অবস্থায় বাজার থেকে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি সরিয়ে ফেলতে হবে।
আক্রান্ত মুরগি যেন বাজারে আসতে না পারে, সে জন্য সরকারি নজরদারির পরামর্শও দিয়েছেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে খামারে গত কয়েক মাসে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ার পর অনেক মুরগি নিধনও হয়।
বাংলাদেশে মানবদেহে প্রথম বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে ২০০৭ সালে। গত বছর দুজনের দেহে এই ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়।
জাতিসংঘ গত বছরই বাংলাদেশে বার্ড ফ্লুর পুনরায় সংক্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল।
বার্ড ফ্লু সংক্রমণ এড়াতে ডিম ধুয়ে নিতে এবং মুরগি ও ডিম ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া জবাইয়ের পর মুরগির বর্জ্য যেখানে সেখানে না ফেলতে বলা হচ্ছে। কাঁচা মাংস ধরার পর সাবান হাত দিয়ে ধুয়ে ফেলতে হবে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এইচ-ফাইভ এন-ওয়ানে আক্রান্তের সংখ্যা ৫৯২, এর মধ্যে মারা গেছেন ৩৪৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/২০৫০ ঘ.
bdnews24