ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকতায় বেবী মওদুদসহ নিজস্ব কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন নারীকে ‘অনন্যা বিশেষ সম্মাননা পদক-২০১২’ দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিনোদন পত্রিকা পাক্ষিক ‘অনন্যা’র পক্ষ থেকে এ সম্মাননা পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্ত অন্যরা হলেন- সমাজ ও উন্নয়নে লতিফা আখন্দ, উন্নয়ন ও গবেষণায় জওশন আরা রহমান, অর্থনীতি ও গবেষণায় খালেদা সালাহউদ্দীন, সমাজকল্যাণে সেলিনা খালেক, শিক্ষা ও সমাজকর্মে রোকেয়া মান্নান, শিক্ষা ও সংগঠনে সৈয়দা শামসে আরা রহমান, গণমাধ্যমে সেতারা মূসা, সংগঠনে (জাতীয় ও আন্তর্জাতিক) জিনাত আর ভূঁইয়া এবং খেলাধুলায় জিনাত আহমেদ।
ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সম্মাননাপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। খালেদা সালাহউদ্দীন, রোকেয়া মান্নান ও বেবী মওদুদ ছাড়া বাকিরা উপস্থিত থেকে পদক নেন।
আরেফিন সিদ্দিক বলেন, সমাজের বাধা অতিক্রম করে তারা যে অবদান রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়।
এক পরিসংখ্যান তুলে ধরে উপাচার্য বলেন, “গোটা পৃথিবীর এক শতাংশ সম্পত্তি ৫০ ভাগ নারীর হাতে আর ৯৯ শতাংশ ৫০ ভাগ পুরুষের হাতে। অথচ তাদের মেধা যোগ্যতা কোনো অংশ নারীদের কম নেই।”
বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষকদের পরিসংখ্যান দেখিয়ে তাদের মেধা যোগ্যতার পার্থক্য না থাকার বিষয় তুলে ধরেন তিনি।
অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক গীতি আরা নাসরিন। শুভেচ্ছা বক্তব্য দেন অনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু। সঞ্চালনা করেন শাকিলা মতিন মৃদুলা।
অনুষ্ঠানের শুরুতে অডিটোরিয়ামের প্রবেশপথে বিগত বছরের ‘অনন্যা শীর্ষ দশ’ বিজয়ীদের প্রতিকৃতি প্রদর্শনী উদ্বোধন করেন আরেফিন সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩৫ ঘ.
bdnews24