ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত হবে বলে আশা করছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন।
আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেপ্তার করা হবে।”
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
হত্যাকাণ্ডের প্রায় এক মাস হতে চললেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাংবাদিকদের একটি সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান ব্রিটিশ দূত।
অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির বিষয়ে ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস আয়োজিত একটি কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন হাইকমিশনার।
যুক্তরাজ্যের থমসন ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালায় অংশ নেন ২০ জন সাংবাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৯৫১ ঘ.
bdnews24