২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও হবিগঞ্জে ২ জন খুন

গাজীপুরের শ্রীপুর ও হবিগঞ্জের বাহুবলে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও কৃষক খুন হয়েছেন। দুটি ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

গাজীপুর/হবিগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর ও হবিগঞ্জের বাহুবলে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও কৃষক খুন হয়েছেন। দুটি ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে শ্রীপুরের বর্মী এলাকায় নার্গিস আক্তারকে (২০) হত্যার অভিযোগে তার ভাই এবং ভোরে বাহুবলের মণ্ডলকাপন গ্রামের কৃষক রাজা মিয়াকে (৫৫) হত্যার অভিযোগে তার ছেলেকে আটক করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাহাত খান জানান, দুই বছর আগে নার্গিস পরিবারের অমতে প্রতিবেশী আজাদকে বিয়ে করেন। এনিয়ে দীর্ঘদিন ধরেই ভাই-বোনদের মধ্যে বিরোধ ছিলো। দিন পনের আগে নার্গিস বাপের বাড়ি আসে। সকালে পূর্ব বিরোধের জের ধরে কথাকাটির এক পর্যায়ে ভাই কালু (২৭) জবাই করে নার্গিসকে হত্যা করেন। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে কালুকে ধরে পুলিশে দেয়। এ সময় একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই রাহাত খান। অন্যদিকে হবিগঞ্জ থানার ওসি সৈয়দুজ্জামান জানান, বাহুবল উপজেলার মণ্ডলকাপন গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভোর সাড়ে ৪টার দিকে রাজা মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছেলে জুয়েল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। নিহতের অপর ছেলে খালেদ মিয়া সকালে জুয়েল ও মা লতিফা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি সৈয়দুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৫৬ ঘ.