২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেওয়ানি মামলায় আপসের সুযোগ বাড়ছে

বাদি ও বিবাদি আদালতের বাইরে আপস করে দেওয়ানি মামলা (সিভিল কেইস) নিস্পত্তির আবেদন করলে তা গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাদি ও বিবাদি আদালতের বাইরে আপস করে দেওয়ানি মামলা (সিভিল কেইস) নিস্পত্তির আবেদন করলে তা গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ লক্ষ্যে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি সংশোধনের একটি প্রস্তাব সোমবার মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকেদের জানান, ‘কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২’ মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় এখন তা পাসের জন্য সংসদে পাঠানো হবে। জাতীয় সংসদ আইনটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পাসের ব্যবস্থা নেবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নিু আদালতে বর্তমানে ৬ লাখ ৩৪ হাজার দেওয়ানি মামলা নিস্পত্তির অপেক্ষায় রয়েছে। বিদ্যমান আইনে জটিতলার কারণে এসব মামলা বিচারে এ দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। এ অবস্থা নিরসনে দেওয়ানী কার্যবিধি সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।” তিনি জানান, বর্তমান আইনে মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগে, খরচও বেড়ে যায়। পাশপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ে। তাই খরচ কমানো ও জনগণের ভোগান্তি লাঘবে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধিতে এই সংশোধনী আনা হচ্ছে। বিদ্যমান আইনে আপস মিমাংসার সুযোগ কম থাকার কথা উল্লেখ করে সচিব বলেন, এখন উভয় পক্ষ মিমাংসার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা বা না করার এখতিয়ার আদালতের ওপর। সংশোধিত আইনের খসড়ায় উভয়পক্ষের সম্মতিতে মিমাংসার প্রস্তাব পেলে আদালতে তা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে মিমাংসা না হলে আদালতে আবারো মামলা চালানো যাবে। “সংশোধনীতে মামলা দায়েরের পাঁচ কর্মদিবসের মধ্যে সমন জারি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কর্মচারী আদালতের এ নির্দেশ না মানলে বা সমন জারি করতে বিলম্ব করলে তার বিরুদ্ধে অসদাচারণের দায়ে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে”, বলেন সচিব। সমন জারির ক্ষেত্রে বর্তমান পদ্ধতি সংশোধন করে ডাকযোগে লিখিত আদেশ পাঠানোর সঙ্গে সঙ্গে ফ্যাক্স, কুরিয়ার বা ই-মেইলেও তা পাঠানোর বিধান থাকছে। বিদ্যমান আইনে বিবাদির বাড়ির প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যরাই কেবল সমন গ্রহণ করতে পারতেন। সংধোধিত আইন পাস হলে প্রাপ্তবয়স্ক নারীরাও সমন গ্রহণ করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলখানাতেও সমন পাঠানো যাবে। ফ্যাক্স বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বাইরে বসবাসকারী বিবাদির বিরুদ্ধে সমন জারি করা যাবে। সচিব বলেন, আগে সমন জারির ৬০ দিনের মধ্যে বিবাদির জবাব দেওয়ার বিধান ছিলো। এ সুযোগ কমিয়ে ৩০ দিন করা হয়েছে। তবে পরবর্তীতে আবেদন করে আরো ৩০ দিন সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। “নির্ধারিত সময়ের মধ্যে বিবাদি জবাব না দিলে পরবর্তী ৩০ দিনের মধ্যে বাদিকে এ ব্যাপারে পদক্ষেপসহ পুনরায় সমন জারির জন্য আদালতে আবেদন করতে হবে। বাদি ৩০ দিনের মধ্যে সমন জারির আবেদন না করলে মামলা খারিজ হয়ে যাবে।” আগে ৯০ দিন পর্যন্ত এ সুযোগ ছিলো বলে সচিব জানান। তিনি বলেন, বর্তমানে মামলার বিচার প্রক্রিয়া শুরুর পর বাদি তার আরজি এবং বিবাদি তার জবানবন্দি পরিবর্তন করতে পারেন না। সংশোধিত আইনে এগুলো পরিবর্তনেরও সুযোগ রাখা হচ্ছে। মামলার বিচার দ্রুত করার স্বার্থে আদালত বিচার প্রক্রিয়া শুরুর সাত কার্যদিবসের মধ্যেও মামলা নিস্পত্তি করতে পারবে। এতে বিচার প্রার্থী এবং বিবাদির ব্যয় ও ভোগান্তি কমবে বলে মন্তব্য করেন মন্ত্রিপরিষদ সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৪৫ ঘ.