২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন সার কারখানার জরিমানা, বন্ধ

ভেজাল সার তৈরির অভিযোগে ঢাকার সাভারে তিনটি কারখানার সাড়ে আট লাখ টাকা জরিমানা শেষে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

সাভার, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল সার তৈরির অভিযোগে ঢাকার সাভারে তিনটি কারখানার সাড়ে আট লাখ টাকা জরিমানা শেষে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি কারখানার ব্যবস্থাপককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। রোববার দেওগাঁ এলাকায় তাসনিয়া ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ, আশা এগ্রো প্রোডাক্টস এবং নীরব ফার্টিলাইজার লিমিটেড-এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড়ে ব্যবহৃত রাসায়নিক রেড অস্কাইডের সঙ্গে মাটি ও জিপসাম মিশিয়ে তৈরি করা হচ্ছিল মিশ্র সার। আশা এগ্রো প্রোডাক্টসকে সাড়ে ৪ লাখ ও নীরব ফার্টিলাইজারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নীরব ফার্টিলাইজারের ব্যবস্থাপক শাহিনুর রহমানকে গ্রেপ্তার করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ তিনটি কারখানা বন্ধ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিন ভুইয়া জানান, কৃষকরা বাজার থেকে সার কিনেও ভাল ফলন না পাওয়ায় বিষয়টি আমাদের অবহিত করে। পরে যাচাই করে দেখা যায় কৃষকরা যে সার ব্যবহার করছে তা ভেজাল। পরে র‌্যাবকে বিষয়টি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.