চাঁদপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিকারনিষিদ্ধ সময়ে জাল ফেলার অপরাধে চাঁদপুরে মেঘনা নদী থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও একশ’ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষা বাহিনী- কোস্টগার্ড।
শনিবার মধ্যরাতে দুটি ট্রলার থেকে এসব জাটকা আটকের পর তা স্থানীয় মাদ্রসা ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ রয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক সাংবাদিকদের জানান, ট্রলার দুটি কালীগঞ্জ থেকে মাওয়া যাচ্ছিল। কোস্টগার্ডের ধাওয়া খেয়ে মাঝিরা ট্রলার দুটি রেখেই পালিয়ে যায়।
আটক জালের মূল্য ৪৫ লাখ ৬০ হাজার টাকা, জাটকার মূল্য ১০ লাখ টাকা ও দুটি নৌকার মূল্য ৩ লাখ টাকা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৪০ ঘ.
bdnews24