২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা সফল হবে না: হাসিনা

যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা তাদের বাঁচাতে চাচ্ছে তারা সফল হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের যারা বাঁচাতে চাচ্ছে তারা সফল হবে না। শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, “যে গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না- তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাচ্ছে। কিন্তু তারা সফল হবে না। “যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং তা শেষ হবে”, বলেন প্রধানমন্ত্রী। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ ছয় নেতা এবং বিএনপির দুইজনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াত শুরু থেকেই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর এক সেমিনারে স্বাধীনতা বিরোধী এবং দোসরদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের আন্দোলন-সংগ্রাম শেষ হয়ে যায়নি। যতদিন ওই স্বাধীনতা বিরোধী এবং তাদের দোসররা বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে- ততদিন আমাদের সংগ্রাম চলবে।” প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল।” ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি এখনো অদ্বিতীয়। ঐতিহাসিক এই ভাষণের চেতনা এখনো আমরা অর্জন করতে পারিনি।” স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টার বিরুদ্ধে স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসারও আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, “সময় এসেছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিকনির্দেশনা আমাদের বাস্তবায়ন করতে হবে।” বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে সবচেয়ে বেশী শ্র“ত ভাষণ হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই ভাষণ ঐতিহাসিক গুরুত্বের বিচারে অতুলনীয়, অদ্বিতীয়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “সবাইকে জানতে হবে এই দেশ কীভাবে স্বাধীন হয়েছিল এবং কে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের আয়োজনে এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আশরাফ হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শফি আহমেদ এতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৮১৩ ঘ.