২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০১৪ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৪ সালের মধ্যে দেশে বিদ্যুৎ সঙ্কট থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

মুন্সীগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৪ সালের মধ্যে দেশে বিদ্যুৎ সঙ্কট থাকবে না। শনিবার মুন্সীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, “২০১৪ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সঙ্কট সমাধানের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।” শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে মুহিত বলেন, এই অঙ্গীকার পূরণে সরকার এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে অর্থায়নসহ কিছু সমস্যা রয়েছে। “তবে আমরা নিজস্ব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করছি। ২০১৩-১৪ সালের মধ্যে বিদ্যুতের সমস্যা আর থাকবে না বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি”, যোগ করেন মন্ত্রী। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জাহাজ তৈরির কারখানা খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের উদ্বোধন করতে সকালে মুন্সীগঞ্জে আসেন মুহিত। এসময় প্রতিষ্ঠানটির তৈরি একটি ভ্যাসেল মালিকপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি। শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যক্তি মালিকানা ঋণ সহজ করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শিল্প-কারখানা হলেই কর্মসংস্থান বাড়বে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সরকার মানসম্মত শিল্প-কারখানা গড়ে তুলতে আগ্রহী। জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. এনামুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ভেনড অলিং, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহম্মেদ আলী কবির, পরিচালক ফরিদউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। খান ব্রাদার্স শিপ বিল্ডিংয়ের তৈরি আন্তর্জাতিক মানের যে ভেসেলটি মন্ত্রী টাইগার ট্যুরস নামের পর্যটন সংস্থার কাছে হস্তান্তর করেন তাতে বায়ুচালিত ও সৌর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫২ ঘ.