২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলাবৃষ্টিতে রবিশস্যের ক্ষতির আশঙ্কা

পটুয়াখালীতে গত দুদিনে কয়েকটি স্থানে দফায় দফায় শিলাবৃষ্টি হওয়ায় রবিশস্যের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

পটুয়াখালী, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে গত দুদিনে কয়েকটি স্থানে দফায় দফায় শিলাবৃষ্টি হওয়ায় রবিশস্যের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় প্রায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শেখ রকিবুল ইসলাম। এসময় কোথাও কোথাও হালকা ও মাঝারি ঝড়ো হাওয়া বয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম মমতাজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু হালকা বা মাঝারি বৃষ্টি হলে তা মাটির উর্বরতা বাড়ায়। “কিন্তু বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় রবিশস্য তরমুজ, হাইব্রিড মরিচ, মুগডাল, খেশারি ডালের বেশ ক্ষতি হবে। তবে যেখানে শুধু বৃষ্টি হয়েছে সেখানে চাষীরা উপকৃত হবেন।” অর্ধশতাধিক চর এলাকায় চলতি মওসুমে ৯ হাজার ৫৪৯ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে বলে জানান তিনি। শিলাবৃষ্টিতে আমখোলা ইউনিয়নের কৃষক আবু জাফরের তরমুজ ক্ষেতের অনেক ক্ষতি হবে বলে জানান তিনি। তবে গলাচিপার চিকনিকান্দি মাঝগ্রামের কৃষক মোহাম্মদ মহিববুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে রবি শস্যের তেমন ক্ষতি হবে না। গলাচিপা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টিতে গলাচিপার চর এলাকায় তরমুজের সামান্য ক্ষতি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৩ ঘ.