লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ক্যাবচালক আহত হয়েছেন।
গত ২৩ ফেব্রুয়ারি দুর্ঘটনায় আহত সাজ্জাদ মতিনের (৩২) বাম পাটি কেটে ফেলতে হয়েছে। ওই দুর্ঘটনার জন্য দায়ী অন্য একটি গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নাতাশা মিলবোর্ন গ্রাহাম নামে ওই নারী আদালতে স্বীকার করেছেন, গাড়ি চালানোর সময় মাতাল ছিলেন তিনি।
দুর্ঘটনার পর থেকে সংজ্ঞাহীন ছিলেন সাজ্জাদ। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটানে প্রেসবাইটেরিয়েন ইউনিভার্সিটি হাসপাতালে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর একটি পা না দেখে ভেঙে পড়েছেন তিনি।
সাজ্জাদের স্ত্রী সায়রা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন তার স্বামী। ম্যানহাটানের ৫১ স্ট্রিটে ট্যাক্সি দাঁড় করিয়ে যাত্রীর ব্যাগ নামানোর সময় পেছন থেকে অন্য একটি জিপ সাজ্জাদকে ধাক্কা দেয়।
সঙ্গে সঙ্গে পুলিশ এসে সাজ্জাদকে হাসপাতালে পাঠায়। গ্রেপ্তার করে জিপচালক নাতাশাকে।
সাজ্জাদের স্ত্রী জানান, তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এই জন্য সায়রা দুই শিশুসন্তানকে নিয়ে আগেই গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে ফিরেছিলেন। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে পুনরায় ফেরেন তিনি।
১৯৯০ সালে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসতি গড়েন সাজ্জাদ। ১৫ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। তিনিই পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি।
নিউ ইয়র্ক সিটির ইয়েলো ট্যাক্সি ড্রাইভারের ২৫ শতাংশই বাংলাদেশি। সাজ্জাদের এই ঘটনায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৪ ঘ.
bdnews24