২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ পুলিশের অটোরিকশায় হাজার বোতল ফেন্সিডিল

রাজশাহীতে প্রায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

রাজশাহী, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে প্রায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মহানগরীর রাইপাড়া এলাকায় একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- কনস্টেবল সিদ্দিকুল ইসলাম, আব্দুস সামাদ, লাল মাহমুদ এবং অটোরিকশা চালক সাইফুল ইসলাম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভূপতি কুমার বর্মা জানান, কয়েকজন পুলিশ সদস্য মাদকের একটি বড়ো চালান স্থানান্তর করছেন- এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীরের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর র‌্যাব সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান চালায়। “এ সময় তাদের কাছ থেকে ৯৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।” তিনি জানান, আটক পুলিশ সদস্যরা দাবি করেছে, তারা নিজেরাই অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করেছে। অথচ থানার আদেশনামা বা জব্দ তালিকা তারা দেখাতে পারেনি। তখন বাহিনীর নিজস্ব পোশাকেও তারা ছিলেন না। চারঘাট উপজেলার সীমান্তবর্তী টাঙ্গন এলাকা থেকে ফেন্সিডিলের চালানটি নিয়ে আসা হচ্ছিল বলে বর্মা জানান। গোয়েন্দা পুলিশের ওসি তোফাজ্জেল হোসেন থানার একটি আদেশনামা টাস্কফোর্সের কাছে জমা দিলেও সেটিকে ভূয়া বলে দাবি করেছে টাস্কফোর্স। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর বলেন, “গোয়েন্দা পুলিশের ওসি তোফাজ্জেল হোসেন পরে একটি ভুয়া আদেশনামা থানায় দেখিয়েছেন। মাদক উদ্ধারে নামলে তাদের কাছে হাতকড়া থাকার কথা, কিন্তু তা ছিল না।” ওই পুলিশ সদস্যরা মাদক চোরাচালান করছে- এমন তথ্য পেয়েই অভিযান চালানো হয় উল্লেখ করে মেজিস্ট্রেট বলেন, এ ব্যাপারে রাজপাড়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। ওই চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫০৮ ঘ.