ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা দ্বিগুণ করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় অনুমোদিত এক প্রস্তাবে উপজেলা চেয়ারম্যানদের ভাতা ২০ হাজার ৫০০ টাকা এবং ভাইস চেয়ারম্যানদের ভাতা ১৪ হাজার ৫০০ টাকা করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়।
প্রস্তাবটি অনুমোদন হওয়ার পর এখন একটি সরকারি আদেশ জারি প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখার উপ-সচিব খালেদ পারভেজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ সংক্রান্ত নথিটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সরকার সচিবের অনুমোদন পেলেই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা যথাক্রমে ১০ হাজার এবং সাড়ে সাত হাজার টাকা সম্মানী পেয়ে থাকেন।
এ ব্যাপারে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা সরকারের একটি ইতিবাচক উদ্যোগ।
“তবে আমরা এখনো সন্তুষ্ট নই। কারণ প্রজাতন্ত্রের কর্মচারীরা এখনো আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন না।”
উপজেলা চেয়ারম্যানদের এ নেতা বলেন, “অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।”
“এতে উপজেলা চেয়ারম্যানদের জন্য ২০ হাজার ৫০০ টাকা এবং ভাইস চেয়ারম্যানদের জন্য ১৪ হাজার ৫০০ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।”
প্রথম শ্রেণীর পৌরসভার মেয়ররা বর্তমানে ২০ হাজার টাকা সম্মানী পেয়ে থাকেন। তারা উপজেলা পরিষদের অধীনে। তাই উপজেলা চেয়ারম্যানদের সম্মানী ২০ হাজার ৫০০ টাকা নির্ধারণ সম্মানজনক হয়েছে।
দীর্ঘদিন ধরেই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের সম্মানী ভাতা বাড়াতে আন্দোলন করছে। এটিসহ ১০ দফা দাবিতে তারা ইতোমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশনের কর্মসূচিও পালন করেছেন। গত বছরের শেষ দিকে তারা এ অনশন কর্মসূচি পালন করেন।
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাজোটের প্রতিনিধি হিসেবে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর আশ্বাসে তারা চলতি বছরের ২৮ মার্চ পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন।
উপজেলা পরিষদ আইন, ২০০৯-এর অসঙ্গতিপূর্ণ অংশ বাতিলসহ উপজেলা চেয়ারম্যানদের ১০ দফা দাবির মধ্যে আছে- জাতীয় বাজেটের ৭০ শতাংশ স্থানীয় সরকারের অনুকূলে বরাদ্দ, সংসদে স্থানীয় সরকারের জন্য পৃথক বাজেট ঘোষণা, পরিষদের কর্মকর্তা-কর্মচারীর বার্ষিক গোপন প্রতিবেদন লেখার দায়িত্ব দেওয়া এবং সব দাপ্তরিক নথি চেয়ারম্যানের কাছে পাঠানো।
উপজেলা পরিষদ আইনের ধারা অনুযায়ী, ১০টি মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর উপজেলা পরিষদের অনুকূলে হস্তান্তরের লক্ষ্যে জারি করা ত্র“টিপূর্ণ প্রজ্ঞাপন সংশোধনেরও দাবি রয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২১০ ঘ.
bdnews24