বাগেরহাট, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত চারজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে।
ময়নাতদন্ত শেষে বুধবার এই দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অন্য দু’টি লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বন্দুকযুদ্ধের ঘটনায় বাগেরহাটের শরণখোলা থানায় র্যাব পৃথক দু’টি মামলা করেছে।
গত মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের দুধমুখী খালে র্যাবের অভিযানে চার ব্যক্তি নিহত হন। র্যাব জানায়, নিহতরা বনদস্যু ‘গামা বাহিনী’র সদস্য। তারা দলের জন্য একটি আগ্নেয়াস্ত্রের চালান নিয়ে যাচ্ছিল। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিসহ ২১টি আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার করা হয়েছে।
কিন্তু পরিবারে সদস্যদের দাবি, তার বনদস্যু নন।
পরিচয় নিশ্চিত করা দু’জন হলেন বাগেরহাটের রামপাল উপজেলা সদরের শিশির কুমার মন্ডল ওরফে মন্টু (৪৫) ও আদাঘাট গ্রামের জামাল মুন্সী (৪০)।
শিশির মন্ডল রামপাল সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জামাল মুন্সি মাছের ব্যবসা করতেন।
র্যাব নিহতদের বনদস্যু গামা বাহিনীর সদস্য বলে দাবি করলেও পরিচয় সনাক্ত হওয়া দুই জনকে নিরাপরাধ বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
নিহত শিশির মন্ডলের চাচাতো ভাই মৃদুল কান্তি মন্ডল জানান, শিশির গত ১০ ফেন্তুয়ারি খুলনা শহরের মুন্সীপাড়া এলাকায় জনৈক কামালের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন।
তিনি বলেন, শিশির মাছ ব্যবসায়ী, বনদস্যু না। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। শিশির নিখোঁজের ঘটনায় তার স্ত্রী শেফালী মন্ডল গত ২৪ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। বুধবার বিভিন্ন পত্রিকায় ছবি দেখে শিশিরের পরিবারের সদস্যরা সদর হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
বাগেরহাট সদর হাসপাতালে নিহত জামালের লাশ নিতে আসা রেজাউল নামে এক ব্যক্তি নিজেকে জামালের ভগ্নিপতি পরিচয় দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামাল একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। পেশাগত সাগরে যাওয়া আসা করতেন। তিনি বনদস্যু নন।
শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার ও চার জন নিহত হওয়ার ঘটনায় র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মুনসুর আহমেদ বাদী হয়ে নিহত চারজনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শরণখোলা থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.
bdnews24