গাজীপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক রাখার দায়ে গাজীপুরে সদর উপজেলায় পৃথক দু’টি অভিযানে গ্রেপ্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছমা আরা বেগম এ সাজা দেন।
দণ্ডিতরা হলেন সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল গ্রামের তারা বানু (৪০), তার ছেলে আবু বকর সিদ্দিক (২২) এবং হাড়িনাল এলাকার মো. জালাল উদ্দিন ওরফে জুলহাস (৪৫)।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে পাইনশাইল এলাকা থেকে মা-ছেলেকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে শহরের হাড়িনাল এলাকা থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালত দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24