২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিটি সেজে ট্রেনে ডাকাতি

চট্টগ্রামগামী একটি ট্রেনে টিকিট চেকার সেজে কেবিনে ঢুকে যাত্রীদের কাছ থেকে অর্থকড়ি লুটে নিয়েছে ডাকাত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামগামী একটি ট্রেনে টিকিট চেকার সেজে কেবিনে ঢুকে যাত্রীদের কাছ থেকে অর্থকড়ি লুটে নিয়েছে ডাকাত দল। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা ছেড়ে আসা চিটাগাং মেইলের ২২৭ নম্বর কোচে এই ডাকাতি হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। সকালে চট্টগ্রাম পৌঁছার পর কোচের নিরাপত্তা রক্ষীকে কোচের টয়লেটে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ওই কোচের চারটি কেবিনের যাত্রীদের কাছ থেকে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তার হিসাব জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। এই ডাকাতের কবলে পড়ার জন্য যাত্রীদের অসচেতনতাকেই দায়ী করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিবহন কর্মকর্তা মো. ওমর ফারুক। তিনি বলেন, “রেলের নিয়ম না জানার কারণেই যাত্রীরা ডাকাতির স্বীকার হয়েছে। সাধারণত স্লিপার কোচে রাত ১১টার পর থেকে সকাল ৫টা পর্যন্ত টিকিট চেক করার নিয়ম নেই।” ওমর ফারুক বলেন, রাত ২টার দিকে ট্রেনটি নরসিংদী স্টেশন ছাড়ার পর ডাকাত দল নিরাপত্তাকর্মীকে বেঁধে চারটি কেবিনে টিকিট চেক করার কথা বলে ঢুকে তারপর লুটপাট চালায়। তিনি বলেন, একটি কেবিনের যাত্রীরা ডাকাতির ঘটনা বুঝতে পেরে দরজা না খোলায় ওই কক্ষে ডাকাতরা ঢুকতে পারেনি। অন্য চারটি কেবিনের যাত্রীরা না বুঝে দরজা খুলে দিলে ডাকাতরা ঢুকে পড়ে। ডাকাতি শেষে ডাকাত দল একটি স্টেশনে নেমে যায় বলে রেল কর্মীরা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৮৫৬ ঘ.