২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

দুর্নীতি মামলায় দীর্ঘদিন পলাতক বরিশালের এক সাবেক ছাত্রলীগ নেতা আদালতে আত্মসমর্পন করেছেন। এরপর তার জামিন আবদন নাকচ করে কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বরিশাল, ফেব্র“য়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় দীর্ঘদিন পলাতক বরিশালের এক সাবেক ছাত্রলীগ নেতা আদালতে আত্মসমর্পন করেছেন। এরপর তার জামিন আবদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ শরীফ উদ্দিন আজাদ এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির হন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মো. জসিমউদ্দীন। দুর্নীতি দমন আইনে করা এই মামলাটি বরিশাল বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলার নথি থেকে জানা যায়, দুদক’র বর্তমান পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) এবং তৎকালীন সহকারী পরিচালক মো. আবুল হাসান ২০০৯ সালের ৩১ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় জসিম ছাড়াও আসামি ছিলেন বিএম কলেজের তৎকালীন অধ্যক্ষ একেএম সৈয়দ আব্দুল রাজ্জাক ও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নিপেন্দ্র দাস নিপু। অভিযোগে বলা হয়, ২০০০ সালের ২৪ জুলাই থেকে ২০০১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজসে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) পরিবহন খাতের তহবিল থেকে ১১ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করেন। এরমধ্যে বিভিন্ন কাজে নয় লাখ ৫১ হাজার ১৭০ টাকা ব্যয় করেন। বাকি এক লাখ ৫৩ হাজার ৮৩০ টাকা আত্মসাত করেন। ২০১০ সালের ১ জুন ওই তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক’র উপ-পরিচালক আর কে মজুমদার। মামলার অপর দুই আসামির মধ্যে এ কে এম সৈয়দ আব্দুল রাজ্জাক জামিনে রয়েছেন। পলাতক আছেন নিপেন্দ্র দাস নিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.