জামালপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মান্তর চেষ্টার অভিযোগে জামালপুরে খ্রিস্টধর্ম প্রচারকদের একটি গাড়িতে হামলায় অন্তত তিন মার্কিন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
বুধবার বেলা ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-রিট থ্রিচজন, এনরান থ্রিচজন ও বেনজামিন ফ্রাঙ্কস। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অবশ্য গ্রেপ্তারকৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, অ্যাডওয়ার্ড আইয়ুব নামে এক মার্কিন নাগরিক কামারপাড়া গ্রামে গত নভেম্বর মাসে একটি ধর্মশালা তৈরি করেন। সকালে অ্যাডওয়ার্ড আইয়ুবের সঙ্গে সাত সদস্যের একটি প্রতিনিধি ধর্মশালাটি পরিদর্শনে যায়।
“ওই প্রতিনিধিদল খ্রিস্টধর্ম প্রচার ও মুসলমানদের ধর্মান্তরের চেষ্টা করছে- এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের বহনকারী গাড়িতে হামলা চালায়”, যোগ করেন তিনি।
নিজাম বলেন, “ওই প্রতিনিধিদল পুলিশসহ কোন সংস্থা, এমনকি স্থানীয় থানাকেও তাদের আসার বিষয়টি জানায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬২০ ঘ.
bdnews24