২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা তদন্তে পুলিশ সক্রিয়: মজিনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশের পুলিশ সক্রিয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 06:59 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

রাজশাহী, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশের পুলিশ সক্রিয়। মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হত্যাকাণ্ড ‘মর্মান্তিক’ বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, “তাদের পেশার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানি না।” “যদি থেকে থাকে তাহলে তা হবে খুবই ঘৃণ্য [একটি ঘটনা]। কারণ আমার সরকার বিশ্বাস করে গণতন্ত্রের একটি মৌলিক উপাদান হলো গণমাধ্যম।” গত ১১ ফেব্র“য়ারি ভোররাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন সাগর-রুনি। ওই হত্যাকাণ্ডের পর ১৭ দিন পরও এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন বা কাউকে গ্রেপ্তার করার খবর দিতে পারেনি পুলিশ। রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে মঙ্গলবার ভলান্টিয়ার ফর বাংলাদেশের রাজশাহী জেলা কমিটির উদ্বোধন ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, “স্বাধীন ও প্রাণবন্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হতে পারে না।” “তাই ওই হামলা যদি গণমাধ্যমের ওপর হয়ে থাকে তাহলে তা আরো ভয়ঙ্কর।” “আমি যতটা বুঝি বাংলাদেশের পুলিশ এ ঘটনায় সক্রিয়ভাবে তদন্ত করছে,” যোগ করেন মজিনা। বাংলাদেশের পুলিশের দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি কার্যক্রম আছে বলেও উল্লেখ করেন তিনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহায়তা দিচ্ছে কি না জানতে চাওয়া হলে মজিনা বলেন, “আমাদের কাছে কোনো সহায়তা চাওয়া হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৫৮ ঘ.