বিশ্ব ব্যাংক: ইউনূস রাজি হলে ভাববে যুক্তরাষ্ট্র
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মুহাম্মদ ইউনূসের নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করার এক সপ্তাহের মাথায় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে। ভিডিও
রাজশাহী, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মুহাম্মদ ইউনূসের নাম প্রধানমন্ত্রী প্রস্তাব করার এক সপ্তাহের মাথায় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে।
রাষ্ট্রদূত ড্যান মজীনা গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ টেনে মঙ্গলবার বিকালে বলেন, “অধ্যাপক ইউনূস যা করেছেন সে জন্য আমি তার প্রশংসা করি।”
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে ইউনূসের নাম প্রস্তাব প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “আমি নিশ্চিত এই পদে মনোনয়নে তিনি সম্মত হলে সব দিক থেকে বিষয়টি বিবেচনা করা হবে।”
রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে ভলান্টিয়ার ফর বাংলাদেশের রাজশাহী জেলা কমিটির উদ্বোধন ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে বিকাল ৫টার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মজিনা।
এ সময় দারিদ্র্য বিমোচনে মুহাম্মদ ইউনূসের ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রায় এক মিনিট বক্তব্য দেন মজিনা।
দুর্নীতির অভিযোগ তুলে দুশ ৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দেওয়া সংস্থা বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক।
তিনি গত ১৬ ফেব্রুয়ারি জানান, আগামী ৩০ জুন পদ ছাড়ার পর তিনি পুনর্র্নিবাচন চান না।
এর সপ্তাহখানেক পর (গত ২২ ফেব্র“য়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে যায় ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল।
এ সময় হাসিনা নোবেল বিজয়ী ইউনূসকে ওয়াশিংটনভিত্তিক বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব দেন তাদের।
ইউনূসকেন্দ্রিক ওই প্রস্তাবকে ইতিবাচক ও আগ্রহোদ্দীপক হিসেবে অভিহিত করে প্রতিনিধি দল বলে, তাদের দলের কেউ না কেউ বার্তাটি তাদের সরকারের কাছে পৌঁছে দেবে।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগে সরাসরি কিছু করার সুযোগ নেই ইউরোপীয় পার্লামেন্টের।
বিদায়ী প্রেসিডেন্ট জেলিক কোনো আমেরিকানকে তার পদে চান বলে ইতিমধ্যে খবর বেরিয়েছে।
ইউনূসের মনোনয়ন হবে বড় পরিবর্তন
বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রধান কে হচ্ছেন- তা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে, যাতে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামও।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্বব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই এ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনো না কোনো আমেরিকান।
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচিত ইউনূসকে বিশ্ব ব্যাংক প্রধানের পদে মনোনীত করা হলে তা হবে এ সংস্থার দীর্ঘদিনের অবস্থানের বড় পরিবর্তন। আর ওই পদে যেতে পারলে ইউনূসকেও ‘দরিদ্রদের ব্যাংকার’ থেকে নিজেকে পরিণত করতে হবে ‘দরিদ্র দেশের ঋণদাতায়’।
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে। যদিও দেশে ও বিদেশে বাম ধারার অনেক বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র ঋণের বিরুদ্ধে বলে আসছেন। তাদের মতে, দারিদ্র্য বিমোচনে এই ঋণের ভূমিকা প্রমাণিত নয়।
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে সূচনা হয় গ্রামীণ ব্যাংকের যার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মুহাম্মদ ইউনূস। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ায় ২০১১ সালের মার্চে কেন্দ্রীয় ব্যাংক ইউনূসকে অব্যাহতি দেয়।
ইউনূস ওই আদেশের বিরুদ্ধে আদালতে গিয়েও গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব ফিরে পাননি।
এরপরও তাকে পদে রাখার জন্য গ্রামীণ ব্যাংক সরকারের অবস্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রচারণা শুরু করে। ইউনূসের বিষয়টি নিয়ে দেশে-বিদেশে সমালোচনায় পড়তে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২১৩৬ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
