নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি পোশাক কারখানায় ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে শহরের সৈয়দপুরে মাদারটেক্স নামে ওই কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় সেখানে আটক তিন শ্রমিক খায়রুল, সজল ও এনামুল কাজ করছিলেন।
আটককৃতরা দাবি করছেন, ডাকাত সদস্যরা তাদের হাত-পা বেঁধে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে গেছে। অবশ্য বাঁধন কে খুলে দিয়েছে- এমন প্রশ্নের কোনো জবাব তারা দিতে পারেননি বলে জানান এসআই আমিনুল।
এদিকে মালিকপক্ষ জানিয়েছেন, তাদের কারখানার প্রায় ১৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন যন্ত্রপাতি খোয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৩৯ ঘ.
bdnews24