২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসি চেয়ারম্যান পদে জিয়াই থাকছেন

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদকে আরো এক বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদকে আরো এক বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান জিয়া আহমেদ, যার মেয়াদ গত ২১ ফেব্রুয়ারি শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর তার পুনর্নিয়োগের ঘোষণা আসে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে, যা সোমবার প্রকাশ হয়। যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। বিগত বিএনপি-জামায়াত সরকারের সময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকা জিয়া আহমেদকে অবসরে পাঠানো হয়। অবশ্য ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাকে ফিরিয়ে এনে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেয়। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে এরকম ‘বঞ্চিত’ অনেক কর্মকর্তাই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৫ সালে কমিশন পাওয়ার পর দীর্ঘদিন সিগন্যাল কোরে দায়িত্ব পালন করেন জিয়া আহমেদ। সেনাবাহিনীতে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল কমান্ডেন্টসহ সিগন্যাল স্কুলে চিফ ইন্সট্রাকটর পদেও দায়িত্ব পালন করেন তিনি। দেশের বাইরে মোজাম্বিকে তিনি জাতিসংঘের শান্তিমিশনে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর আইসিটি সংক্রান্ত বিভিন্ন সংস্থায় পরামর্শক হিসেবেও কাজ করেছেন জিয়অ আহমেদ। রাজউক চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বৃদ্ধি বিটিআরসি চেয়ারম্যানের মতো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নুরুল হুদার চুক্তির মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। আগামী ২৩ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে তা কার্যকর হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নুরুল হুদার চুক্তির মেয়াদ বাড়ল। ২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলীর চুক্তির মেয়াদও এক বছরের জন্য বাড়ানো হয়েছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ হতে এই নিয়োগ কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/এমআই/১৭২৫ ঘ.