ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে বইমেলায় আর কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কিংবা বেসরকারি উন্নয়ন সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমী।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান একাডেমীর কনফারেন্স রুমে রোববার সন্ধ্যায় চলতি মেলার পর্যালোচনা এবং পরবর্তী মেলার পরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, “আগামী বইমেলা শুধুই প্রকাশকদের বইমেলা হবে। কোনো এনজিও বা সংগঠনকে আমরা স্টল বরাদ্দ দিতে চাই না।”
এর আগে এক সংবাদ সম্মেলনে প্রকাশকদের মেলা প্রাঙ্গণে রেখে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আলাদা মেলা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মহাপরিচালক।
ওই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই ধরনের পরিকল্পনা থেকে আমরা সরে এসেছি। কারণ দুই জায়গায় আলাদাভাবে মেলার সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ কিংবা নিরাপত্তা দেওয়া কোনটাই সম্ভব নয়।”
“অনেক সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য আছে। কিন্তু আমাদের তো কোনো তুল্য মূল্য বিচার নেই। তাই মেলা প্রাঙ্গণে স্টল বরাদ্দের ক্ষেত্রে তাদের বিবেচনায় আনা হলে অন্যরা ছাড় দেবে না।”
তিনি জানান, বইমেলা চলার সময় একাডেমীর সামনের রাস্তাও যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে কোনো ধরনের স্টল থাকবে না।
“পৃথিবীর কোনো সভ্য দেশে এক মাস রাস্তা আটকে মেলা আয়োজনের নজির নেই,” বলেন তিনি।
বইমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে সৃজনশীল ও মানসম্মত প্রকাশকদের অগ্রাধিকার দেওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন বলেন, “এর জন্য অচিরেই একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশনার সংখ্যা, মান ও লেখক বিচারের মধ্য দিয়ে কতগুলো প্রকাশনাকে কতগুলো ইউনিট বরাদ্দ দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এছাড়া মেলা আয়োজন যাতে আরো সুষ্ঠু ও কার্যকর করা যায় সেজন্য আগামীতে মেলা শুরুর তিন মাস আগে থেকেই স্টল বরাদ্দে প্রকাশনা সংস্থার যাচাই-বাছাইয়ের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মেলা আয়োজক কমিটির সদস্য রামেন্দু মজুমদার, সময় প্রকাশনের স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ, পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি লোটন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্ত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ, একাডেমীর সমন্বয় ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুর্শিদুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
রোববারের বই
রোববার মেলায় মোট ১১৫টি নতুন বই এসেছে। এর মধ্যে উপন্যাস ১৩টি, কবিতা ৩৪টি, প্রবন্ধ নয়টি, গবেষণাগ্রন্থ চারটি, শিশুতোষ রচনা ১০টি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চারটি, নাটক দুইটি, বিজ্ঞান চারটি, ভ্রমণ বিষয়ক তিনটি, রাজনীতি দুইটি, চিকিৎসা ও স্বাস্থ্য দুইটি, ধর্ম বিষয়ক তিনটি, সায়েন্স ফিকশন একটি এবং অন্যান্য ১২টি বই।
এছাড়া মেলার নজরুল মঞ্চে মোট ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিকালে বইমেলার মূলমঞ্চে ‘বাংলার মনীষা: বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা এ কে নাজমুল করিম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহবুবা নাসরীন।
এ কে নাজমুল করিমকে ‘বাংলার এক বিস্মৃত মনীষা’ আখ্যা দিয়ে প্রাবন্ধিক বলেন, “বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ভিত্তি স্থাপিত হয় তাঁর হাতে। সমাজবিজ্ঞানে তিনি নতুন চিন্তার সংযোজন ঘটান। প্রচলিত সংস্কারের বিরুদ্ধে ভবিষ্যৎমুখী চিন্তার দর্শন তিনি ধারণ করেছেন।”
অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, শিশুসাহিত্যিক বুলবন ওসমান ও অধ্যাপক শিপ্রা সরকার প্রবন্ধের ওপর আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২২৫ ঘ.
bdnews24