নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহারা খাতুন বলেছেন, তিস্তা নদীর পানি বণ্টনে অন্তর্বর্তী চুক্তি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে ভারত সরকার।
দেশটির অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় শনিবার তাকে এ আশ্বাস দেন বলে নয়া দিল্লিতে সাংবাদিকদের জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা।
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার থেকে দিল্লি সফররত স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার প্রণবের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সাহারা বলেন, “[মমতার অবস্থান নিয়ে] আমি কোনো মন্তব্য করব না। তিনি [প্রণব মুখোপাধ্যায়] একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং পার্লামেন্ট হাউজের নেতা।”
“চুক্তি বিষয়ে ভারত সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন।”
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত সেপ্টেম্বরের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও মূলত মমতার আপত্তির কারণে তা হয়নি। ওই সফরে মনমোহনের সঙ্গে মমতারও বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নিজেকে সফর থেকে প্রত্যাহার করে নেন।
তিস্তা চুক্তিতে আপত্তি জানিয়ে আসা মমতার অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসে ফারাক্কা ব্যারাজে ফাটল তদন্তের উদ্যোগ নিয়েছেন মনমোহন সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওই ব্যারাজের ১০৯টি স্লুইস গেটের দুটির ফাটল দিয়ে শুকনো মৌসুমে বাংলাদেশে গঙ্গার ৮০ ভাগ পানি চলে যাচ্ছে।
ভারত-বাংলাদেশ স্থলসীমা চুক্তি অনুসমর্থনে প্রয়োজনীয় সংবিধান সংশোধনে ভারত আগ্রহী বলেও সাংবাদিকদের জানান সাহারা খাতুন।
তিনি বলেন, ১৯৭৪ সালে হওয়া ওই চুক্তি অনুসমর্থনের বিল পার্লামেন্টের আগামী মাসের বাজেট অধিবেশনেই তোলা হবে বলে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন।
ভারতের পার্লামেন্টের নিুকক্ষ লোকসভার নেতৃত্বে আছেন প্রণব।
গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে ১৯৭৪-এর স্থল সীমান্ত চুক্তির আওতায় একটি প্রটোকল স্বাক্ষর হয়।
শনিবারের সাক্ষাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণবকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রণব মুখোপাধ্যায় তার এ আমন্ত্রণে সাড়া দিয়েছেন জানিয়ে সাহারা বলেন, তার সফরের দিনক্ষণ পরবর্তীতে ঠিক করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩২৯ ঘ.
bdnews24