চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্র“তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন কমিটি’।
শনিবার সকাল ১০টায় চিকিৎসক, সাংবাদিক, আইনজিবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করার পাশাপাশি চট্টগ্রাম সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের দাবি জানান।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন কমিটির মহাসচিব এইচএম মজিবুল হক শুক্কুর বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।
অন্যদের মধ্যে কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজমসহ কমিটির সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/আরএম/১৬৫০ ঘ.
bdnews24