নেত্রকোনা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অচেনা প্রাণীর কামড়ে এক শিশু আহত হয়েছে।
এরপর গ্রামবাসী তিনটি প্রাণীকে পিটিয়ে হত্যা করেছে।
শুক্রবার বিকালে সমাজ সহিলদেও ইউনিয়নের মিয়াশি গ্রামে এ ঘটনায় আহত আলিমা আক্তারকে (৫) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলিমা আক্তার ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।
আলম মিয়ার বাবা আবু চান মিয়া বলেন, তার নাতনি আলিমা বাড়ির সামনে খেলা করছিল। এমন সময় ১০/১২টি অচেনা প্রাণী তাকে কামড়ে আহত করে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে প্রাণীগুলো পাশের জঙ্গলে চলে যায়।
তিনি বলেন, পরে গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গল ঘেরাও করে। এরপর আশপাশের হাসলা, মিহারা, জয়পুর, সহিলদেও ও জিকরহুয়ালা গ্রাম থেকে প্রায় তিন হাজারের মতো লোক হামলা চালিয়ে তিনটি প্রাণীকে পিটিয়ে হত্যা করে।
মিয়াশি গ্রামের মজিদ মিয়া বলেন, মৃত প্রাণী তিনটি দেখতে অনেকটা মেছো বাঘের মতো।
মোহনগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত প্রাণীগুলোর দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট এবংউচ্চতা ১০ ইঞ্চি। লেজ আছে। গায়ে রং কালো, হালকা ডোরাকাটা সাদা দাগ আছে। মুখের আকৃতি অনেকটা বেজির মুখের মতো।
প্রাণীগুলোকে চিহ্নিত করতে বন কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ বলেন, বন বিভাগের লোকজন আসার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মোহনগঞ্জ উপজেলা বন কর্মকর্তা আনিসুর রহমান রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়াশি গ্রামের ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24