বাগেরহাট, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী দাখিল মাদ্রাসা কেন্দ্রের এক পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার পরীক্ষার্থী ইমরান হুসাঈন (১৭) এবং তার মামা গাউস শেখকে (৩৪) বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক শফিকুল ইসলামকে তিন বছরের জন্য জাতীয় পর্যায়ের সব ধরনের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শফিক শৈলদহ দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ইমরান ওই প্রতিষ্ঠানের ছাত্র।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মাদ সোহেল হাসান সাংবাদিকদের জানান, বুধবার বিকালে গণিত পরীক্ষা শেষে হিসেব মেলানোর সময় দেখা যায় একটি উত্তরপত্র কম রয়েছে।
ইমরানের উত্তরপত্রটি পাওয়া যাচ্ছে না বলে সনাক্ত হলে রাতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করে।
সোহেল হাসান বলেন, ইমরান কেন উত্তরপত্রটি নিয়ে গিয়েছিল তা জানা যায়নি। তবে ঘটনার পেছনে সংঘবদ্ধ কোনো চক্র রয়েছে কি না, তা খুঁজে দেখতে পুলিশকে বলা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৪০ ঘ.
bdnews24