ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক পুলিশ সদস্য, খুলনায় এক স্কুলশিশু এবং নাটোরে এক মুক্তিযোদ্ধা এবং এক শিক্ষক নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, এসএসসির উত্তরপত্র নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ তারেক (৩০)।
দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় পুলিশ সদস্যবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন তারেকসহ পাঁচ পুলিশ সদস্য ও এক শিক্ষক।
বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তারেকের মৃত্যু হয় বলে সদর থানার ওসি আব্দুর রব জানিয়েছেন।
আহত উপপরিদর্শক আবুল হাসেম এবং বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ূন কবীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিন জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই দুর্ঘটনার কারণে মহাসড়কে আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল বলে ওসি জানান।
খুলনা প্রতিনিধি জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে জুঁই মল্লিক (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে।
সকালে বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গার একটি কিন্ডার গার্টেনের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।।
এই দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ওই সময় কয়েকটি গাড়িও ভাংচুর হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে বটিয়াঘাটা থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
নিহত জুঁই বাঁশবাড়ীয়া গ্রামের অমিয় মল্লিকের মেয়ে।
নাটোর প্রতিনিধি জানান, সিংড়া উপজেলায় আলাদা দুর্ঘটনায় লুৎফর রহমান (৫৫) নামের এক মুক্তিযোদ্ধা এবং আনছার আলী (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হন।
নিহত লুৎফর চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে এবং শিক্ষক আনছার আলী সিংড়া পৌরসভার মাদারীপুর মহল্লার মৃত মেহের প্রামানিকের ছেলে।
লুৎফর মঙ্গলবার সন্ধ্যায় মহিষমারী স্কুল থেকে মটর সাইকেলে বাড়ি ফেরার পথে মহিষমারী কাচারী পাড়ায় অন্য একটি মটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত হন। তাকে ঢাকায় পাঠানো হলে বুধবার রাতে মহাখালী মেট্রোপলিটান মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধা লুৎফরকে বৃহস্পতিবার মহিষমারী কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনছার আলী মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশায় কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হলে বৃহস্পতিবার ভোররাতে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
ভোলা প্রতিনিধি জানান, বোরহানউদ্দিন উপজেলার ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট রোডে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রী আহত হওয়ার পর পলিটেকনিক ছাত্ররা তিন ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখে।
আহতরা হলেন- পলিটেকনিকের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্রী মুক্তা এবং তড়িত কৌশল বিভাগের দোলা।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে যাত্রীবাহী একটি বাস সড়কে একটি ভ্যানকে ধাক্কা দিলে এটি পথচারী দুই ছাত্রীর ওপর পড়ে। এতে ভ্যানচালকও আহত হন।
এরপর ছাত্ররা বিকাল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24