ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে বইমেলায় শিশুপ্রহর চলবে আগামী বৃহস্পতি এবং শুক্রবার। এ দুদিনই সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে শুধু শিশুদের জন্য।
বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের সঙ্গে তাদের একজন অভিভাবকও মেলায় প্রবেশ করতে পারবেন।”
এর আগে, গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারিও মেলায় শিশুপ্রহর ছিলো।
দুপুর ৩টার পরে মেলার সবার জন্য উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরে বুধবার মেলায় দর্শনার্থী ছিল অনেক কম। এর মধ্যে যারা মেলায় এসেছেন তারা মেলা ঘুরে সংগ্রহ করেন পছন্দের বই।
প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রতিনিধি মিছিল খন্দকার বলেন, “গতকালের দর্শনার্থীদের প্রচণ্ড চাপের পর আজ বেশ শান্ত লেগেছে মেলা প্রাঙ্গণ।”
মিজান পাবলিশার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, “চাপ কম থাকায় ক্রেতারা বেশ ছিমছাম ভাবেই কেনা কাটা করতে পেরেছেন।”
দীপন শাহা নামে এক দর্শনার্থী বলেন, “আমি মূলত কবিতার ভক্ত। হেলাল হাফিজ আর রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর দুটো বই কিনলাম।”
সোহরাব হোসেন নামে একজন বলেন, “বাড়ি থেকে বের হওয়ার পরে ভেবেছিলাম অনেক ভীড় হবে।”
নতুন বই
মেলার দ্বাবিংশতম দিন বুধবার প্রকাশিত হয় মোট ৮৯টি বই। এর মধ্যে গল্প ৮টি, উপন্যাস ১০টি, প্রবন্ধ ৬টি, কবিতা ২৭টি, গবেষণা ১টি, ছড়া ১৪টি, শিশুতোষ ৬টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, রাজনীতি ১টি, কম্পিউটার ১টি, রম্যরচনা ৩টি, ধর্মীয় ১টি ও অন্যান্য বিষয়ে ৫টি।
এদিন প্রকাশিত বইগুলোর উল্লে¬খযোগ্য কয়েকটি হলো- আদর্শ থেকে আল মাহমুদের ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’, ঐতিহ্য থেকে অধ্যাপক আনিসুজ্জামান ও মালেকা বেগমের সম্পাদনায় ‘নারীর কথা’, রোকেয়া কবীর ও মুজিব মেহদীর সম্পাদনায় ‘মুক্তিযুদ্ধ ও নারী’, মাওলা ব্রাদাস থেকে সেলিম আল দীনের ‘রচনাসমগ্র ৮’ ,হরিশংকর জলদাসের ‘নিজের সঙ্গে দেখা’, জাগৃতি থেকে বদরুদ্দীন উমরের ‘সাম্রাজ্যবাদের ধ্বংসের মুখে সমাজতন্ত্রের পদধ্বনি’ ইত্যাদি।
বুধবার মেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন হয় ১২টি নতুন বইয়ের।
সেমিনার
বুধবার বিকেলে মেলার মূল মঞ্চে আয়োজিত ‘বাংলার মনীষা : আহমদ শরীফ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল।
আবুল আহসান তার প্রবন্ধে বলেন, “আহমদ শরীফ প্রকৃতার্থেই বাংলার মনীষা, সারস্বত ব্যক্তিত্ব। নিজের সামাজিক সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি গোটা সমাজকেই পাল্টে দেয়ার দিক-দর্শন প্রচার করেন তার সৃষ্টি ও তৎপরতায়।।”
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/পিডি/২৩৫০ ঘ.
bdnews24