সাভার, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আবারো ৬০ নারী শ্রমিক অসুস্থ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার জামগড়ার ‘ইয়াগি বাংলাদেশে লিমিটেডে’ অসুস্থদের স্থানীয় নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে একুশের প্রথম প্রহরে অসুস্থ হওয়া অনেকেই রয়েছেন বলে অসুস্থরা জানিয়েছেন।
একুশের প্রথম প্রহরে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ওই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হলে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার কারখানা বন্ধ ছিল। চিকিৎসা শেষে বুধবার তারা আবার কাজে যোগদান করে।
আবারো অসুস্থ হওয়ার ঘটনা ঘটলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে।
অসুস্থদের কয়েকজন হলেন- রিতা, আক্তার, আয়েশা বেগম, কুলসুম বেগম, রিনা আক্তার, মুক্তা, নুরজাহান শাহিদা আক্তার, তফুরা, শারমিন আক্তার, বানেছা, জোসনা বেগম, পারভিন, খালেদা আক্তার, রমেছা, ফরিদা, পূর্ণিমা, লতা, কল্পনা রানী ও রশিদা।
পারভিন, শারমিন আক্তার, বানেছা, জোসনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কারখানায় এসে কাজে যোগদানের পর হালকা মাথা ঝিমঝিম করছিল। পরে বমি শুরু হয়। এরপর কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে।
বুধবার কারখানায় এসে তারা কোনো খাবার খায়নি বলেও জানান।
ইয়াগি বাংলাদেশ’র উপ-মহাব্যবস্থাপক ফিরোজ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে অসুস্থ শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি করে। কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে কাজে যোগদান করতে বলে।
এর কিছুক্ষণ পরই একে একে ৬০ জন অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরো বলেন, সোমবার অসুস্থদের বমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার করেছে। বৃহস্পতিবার এর রিপোর্ট পাওয়া যাবে।
নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, অসুস্থদের চিকিৎসা চলছে। তবে প্রাথমিক পরীক্ষায় তাদের অসুস্থতার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24