২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সীমানায় আলাদা হলেও ভাষায় আমরা এক’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে বিশ্ব যখন বাংলার ভাষা শহীদদের স্মরণ করছে, তখনই আখাউড়া সীমান্ত একাকার হয়ে গিয়েছিল বাংলা ভাষার জন্য দুই দেশের মানুষের ভালোবাসায়। জানাচ্ছেন শরীফ উল্লাহ বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

শরীফ উল্লাহ বাবু, আখাউড়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আখাউড়া, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ব যখন বাংলার ভাষা শহীদদের স্মরণ করছে, তখনই আখাউড়া সীমান্ত একাকার হয়ে গিয়েছিল বাংলা ভাষার জন্য দুই দেশের মানুষের ভালোবাসায়। ত্রিপুরা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের জিরো পয়েন্টে মিলিত হয়ে প্রায় দুই হাজার মানুষ গেয়ে ওঠেন- ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুই দেশের শিল্পীদের পরিবেশনায় এই গানটির মধ্য দিয়েই শুরু হয় ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে শহীদ স্মরণ অনুষ্ঠানের। মিষ্টি আর ফল দিয়ে হয় শুভেচ্ছা বিনিময়। এ অনুষ্ঠান উপলক্ষে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ভেতরে জিরো পয়েন্টে দুই দেশের পতাকার নিচে আগেই গড়া হয়েছিল অস্থায়ী শহীদ মিনার। সকালে সেখানেই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ত্রিপুরার সংস্কৃতি মন্ত্রী কবি অনীল সরকার, ত্রিপুরা বিধানসভার সদস্য পবিত্র কর, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান ও পুলিশ সুপার জামিল আহমেদ এবং ত্রিপুরার উচ্চপদস্থ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। দুই দেশের নেতৃবৃন্দের পর স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট, বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং দুই দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও অস্থায়ী শহীদ বেদিতে ফুল দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর জন্য এদিনের উপহার ছিল ঐতিহ্যবাহী রসমালাই। আর ত্রিপুরার বাংলাভাষীরা সঙ্গে এনেছিলেন মিষ্টি ও ফল। ত্রিপুরার মন্ত্রী কবি অনিল সরকারের রচিত একটি গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর তিতাস আবৃত্তি সংসদের শিশু শিল্পীরা শোনায় একুশে ফেব্র“য়ারির কবিতা। ত্রিপুরার সংগঠন বিশ্ববীণার শিল্পীরা পরিবেশন করে ‘একুশ আমার মায়ের ভাষা, একুশ আমার স্বপ্ন’। সুরঝর্ণার শিল্পীরা সমবেতভাবে পরিবেশন করে, ‘ও আমার দেশের মাটি’। ত্রিপুরার জনপ্রিয় পাঁচ শিল্পীর সমবেত গানের মধ্যে দিয়ে শেষ হয় ত্রিপুরার সাংস্কৃতিক পর্ব। এরপর ওস্তাদ আলাউদ্দিন শিল্পাঙ্গনের খুদে শিল্পীদের গান নিয়ে শুরু হয় বাংলাদেশের পর্ব। এই পর্বে সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠীর ব্রাহ্মণবাড়িয়া শাখা ও তিতাস ললিতকলা একাডেমীর শিল্পীরাও। স্কুল কলেজের কয়েক শ’ শিক্ষার্থীসহ দুই দেশের প্রায় দুই হাজার মানুষ উপভোগ করে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির ভাষার গর্ব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে উল্লেখ করে ত্রিপুরার বিধায়ক পবিত্র কর বলেন, “মাতৃভাষাকে মুক্ত করার এই দিনে বিশ্বের অনেক স্থানেই এখন ২১ ফেব্র“য়ারি পালন করা হচ্ছে।” সীমান্তের দুই পারের মানুষের হৃদয়ের টানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ত্রিপুরায় এসেছি। কিন্তু দেশকে কখনও ভুলতে পারিনি, পারব না। সীমানার জন্য আমরা সাময়িকভাবে আলাদা থাকি, আসলে আমরা এক।” ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরার সংস্কৃতি মন্ত্রী অনীল সরকার বলেন, “বাংলাদেশের বাইরে আমরাই প্রথম ১৯৯৪ সালে মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্র“য়ারি উদযাপন শুরু করি। এখন এই দিনটি গোটা পৃথিবীর ৫ হাজার মাতৃভাষার রক্ষাকবচ।” “প্রতিবছরই জিরো পয়েন্টে দুই পারের মানুষ এভাবে মিলিত হবে”, প্রত্যয় বাজে তার কণ্ঠে। সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, “শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, ত্রিপুরার মানুষ আমাদের সব সময় সমর্থন দিয়েছে। বাংলা ভাষার জন্য আমাদের সবারই একটা বিশেষ অনুভূতি আছে।” এ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলোকচিত্রশিল্পী ও সাংবাদিক ওবায়েদুল্লাহ মামুন। তিনি বলেন, “কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে একই ভাষায় কথা বলা মানুষের মিলন হয়েছে এই অনুষ্ঠানে। রাজনৈতিক বিভক্তি হটিয়ে ঐক্যের মহামিলন হয়েছে।” ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী, তিতাস আবৃত্তি সংসদ ও ত্রিপুরার নিহারিকা লিটল ম্যাগাজিনের সহযোগিতায় ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৪৩০ ঘ.